এমন গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই মোহাম্মদ আমিরের আইপিএল খেলা নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলেছে সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) আমির তাঁর নাম নিবন্ধন করায়। কিন্তু আমির নিজে কী বলছেন?পাকিস্তানের এই সাবেক পেসার আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আমির জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ এ ছাড়া ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে আমির জানিয়েছেন, আইপিএলের নিলামে তিনি নাম নিবন্ধন করবেন না। ভারতীয় সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।
বিশেষ করে আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তাঁর আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে খবর প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো