জয়পুরহাট শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। ক্ষুব্ধ জনতা পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।নিহত আশিফ হোসেন (১৭) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের জয়পুর সুইটস দোকানে কাজ করতেন।
মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নাইম (২২) ও জিহাদ (২০)। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাসটি জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে কাশিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এরপর বাসটি তিন আরোহীকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়।
স্থানীয় লোকজন বাসটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।পরে বাসটি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে ক্ষুব্ধ জনতা সেটি আটকে দেন।
সূত্র: প্রথম আলো