বৈশ্বিক উৎপাদনকেন্দ্র ও রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। এ জন্য দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে যুক্ত করে সমন্বিত উৎপাদন নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল সোমবার ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই) আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।অর্থ মন্ত্রণালয় ঢাকায় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সম্মেলনে প্রায় ৫০টি অধিবেশনে বিভিন্ন দেশের ৩০০ জনের বেশি উন্নয়ন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে শতাধিক নারী রয়েছেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল।এ ছাড়া পাকিস্তানের অর্থ ও রাজস্ববিষয়ক ফেডারেল মন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব, জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক এবং প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক উপদেষ্টা হারুন আখতার খানের সঙ্গে আলাদা বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন